জাতীয় প্রেসক্লাব থেকে বায়তুল মোকাররম পর্যন্ত "Mass Gathering for Palestine" কর্মসূচি অনুষ্ঠিত

 স্টাফ রিপোর্টার:

ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে শনিবার সকাল থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্যমঞ্চের উদ্যোগে "Mass Gathering for Palestine" শীর্ষক এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরু হয় সকাল ১০টায়, তবে ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার ফিলিস্তিনপ্রেমী জনতার ঢল নামে প্রেসক্লাব এলাকায়। আয়োজক সূত্রে জানা গেছে, সমাবেশে লোকসংখ্যা ছিল আনুমানিক ১৩,০০০ থেকে ১৪,০০০ জন।


কর্মসূচি উপলক্ষে সকাল ৭টা থেকে কদম ফোয়ারা মোড় থেকে পল্টন মোড় পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখা হয়। এতে রাজধানীর গুরুত্বপূর্ণ ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

জাতীয় প্রেসক্লাবের সামনে জমায়েত


সমাবেশে উপস্থিত ছিলেন ড. এনায়েতউল্লাহ আব্বাসী, মুফতি ওসমান গনি সালেহী (দারুজান্নাত সিদ্দিকা কামিল মাদ্রাসা), আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক (কাদেরিয়া তায়াবিয়া আলিম মাদ্রাসা), আল্লামা বদিউল আলম রেজভী (হালিশহর মাদ্রাসা-এ তৈয়্যবিয়া ইসলামিয়া সুন্নিয়া), মোঃ ফরিদুল ইসলাম (মিডিয়া সেল, মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্টাইন), হাফেজ মুহাম্মদ নাবিদ হোসাইন রেজা (আল ইহসান ফাউন্ডেশন), শেখ মোহাম্মদ ইকরাম হোসেন (রেডিকাল ইন্টারন্যাশনাল), কারী মাওলানা বেলাল হুসাইন আশেকী, আল্লামা সিরাজুল আমিন রেজভী, সৈয়দ মোহাম্মদ আবু ছাদেক ও পীরজাদা মাওলানা আনোয়ারুল আজিজসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ইসলামিক স্কলার, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ জনগণ।


সমাবেশে আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক কর্মসূচির ঘোষণা পত্র পাঠ করেন। তিনি বলেন, “মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানে নিহত সকল শহীদদের স্মরণ করছি। আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। ইসরায়েল ও পশ্চিমাদের আধিপত্য এবং ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধেও আমরা সোচ্চার থাকবো। বাংলাদেশে কোনো মাজারে হামলা হলে আমরা তা প্রতিহত করবো।”


ঘোষণাপত্র পাঠকালে হঠাৎ করে সমাবেশের মাইক বন্ধ হয়ে যায়, তবে নেতাকর্মীরা তাৎক্ষণিকভাবে বিকল্প উপায়ে বক্তব্য প্রদান অব্যাহত রাখেন।


সমাবেশে ড. এনায়েতউল্লাহ আব্বাসী বলেন, “আমরা ফিলিস্তিনের পক্ষে দৃঢ় অবস্থানে রয়েছি। কোনো আধিপত্যবাদ মেনে নেওয়া হবে না। মুসলমানদের উপর হামলা বন্ধ করতে হবে। বাংলাদেশে ভারতের আধিপত্যও মেনে নেওয়া হবে না।” একই সঙ্গে তিনি কাদিয়ানিদের নিষিদ্ধের দাবিতে আগামীতে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার আহ্বান জানান।


কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও রাজধানীতে যানবাহন চলাচলে স্থবিরতা নেমে আসে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে ছিল।


No comments

Powered by Blogger.